প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার মো. গালিব (১৮) এবং তার ছোট বোন মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান এবং নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রি করতেন। রাশেদুজ্জামান ছিলেন আকরামের মেয়ের স্বামী। জীবিকার সন্ধানে তিনি সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসে বসবাস শুরু করেছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কী কারণে তারা পানিতে ডুবে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দীর্ঘ তল্লাশির পর তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে এবং ডিএনডি লেকের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
© মাটি ও জনতার কথা