
প্রীতির পিরামিড
শিশুকালে বাবা-মাকে
হয় প্রয়োজন খুব,
তাদের স্নেহ-ভালোবাসায়
দিই আনন্দে ডুব।
বড় হয়ে যাই ভুলে সেই
প্রীতির পিরামিড,
আপন স্বার্থের মায়ায় পড়ে
ফিরাই নিজের পিঠ।
নুয়ে পড়া বটবৃক্ষের
নিই না কোনো খবর,
আপন ঘরেই অবহেলায়
দিচ্ছি তাদের কবর।
অসুখ-বিসুখ হলে তাদের
কেউ রাখি না খোঁজ?
অলীক সুখে যাচ্ছি ভেসে
আমরা সবাই রোজ।
মনে রেখো, পিতা-মাতাই
জীবন-গড়ার মূল,
তাদের সেবায় ফুটে ওঠে
মানবতার ফুল।
////
2
অলীক স্বপ্ন
ঈমান হারা শিয়ালগুলো
পায় না খুঁজে পথ
তাই তো এখন খুঁজছে তারা
ভিন্ন কোনো রথ।
নদীর ওপার অলস বসে
হুক্কা হুয়া ডাকে
সুযোগ খোঁজে আসতে এপার
ঘুমের ফাঁকে ফাঁকে।
ডিসেম্বরই আসবে নাকি
খবর গেল রটে,
সিংহাসনে বসবে আবার
অলীক গণভোটে!
////
3
বদলাতে চাই
আমরা সবাই বদলাতে চাই দেশটা,
দিবস-যামী করছি তারই চেষ্টা।
হচ্ছে কি তাই ?
সবাই যা চাই
খুঁজছি কি ভাই এর পিছনের কেসটা?
আমরা সবাই বদলাতে চাই দেশটা।
অতীত থেকে নিচ্ছি না কেউ শিক্ষা,
ভুলে গেছি ময়মুরুব্বির দীক্ষা।
পুড়ছে ফাগুন
জ্বলছে আগুন
ফিরছে না আর আগের পরিবেশটা।
আমরা সবাই বদলাতে চাই দেশটা,
বিড়াল গিয়ে বাঘ এলো ফের দেশে
দুর্বিপাকে পড়লো জাতি শেষে।
দেশ পেলো কী? রক্ত !
ভিনদেশীদের ভক্ত !
দেশ-ভাবনায় বিফল সকল চেষ্টা!
আমরা সবাই বদলাতে চাই দেশটা।
দেশের ভালো করতে হলে আগে
মনকে রাঙাও ন্যায়ের অনুরাগে
গড়তে হবে
লড়তে হবে
তবেই সফল হবে মনের তেষ্টা।
////
4
মুক্ত করো সবুজ স্বদেশ
স্বাধীনতার যুদ্ধ আজো
যায়নি হয়ে শেষ,
মীর জাফরের বংশে ভরা
সারা বাংলাদেশ।
অফিস পাড়ায় ঘরে ঘরে
বৈষম্যতে ভরা,
অন্ধকারে প্রেতাত্মারা
করছে নড়াচড়া।
বিপ্লবীরা ঘুমিয়ে গেলে
ঘুমিয়ে যাবে পাড়া,
চব্বিশের এই বিজয় ফসল
হবে যে হাত ছাড়া।
বীর শহীদের রক্তে যেন
আর না লাগে দাগ
মুক্ত করো সবুজ স্বদেশ
জালিম নিপাত যাক।
////
5
নতুন ভোরের খিল
ছড়া মানে মচমচে আর
মিষ্টি কড়া ঝাল,
ছড়াই পারে তুলে নিতে
অত্যাচারীর ছাল।
ছড়ায় থাকে অগ্নিগোলাম
ছড়ায় থাকে ঝড়,
ছড়ার তোড়ে কেঁপে ওঠে
জালিমের অন্তর।
ছড়া দেখায় স্বপ্ন কানন
গড়ে মনের ভিত্,
দুঃশাসনের দেয়াল ভেঙে
দেয় এনে সে জিত্।
ছড়া আনে মনমননে
আনন্দ ঝিলমিল,
ছড়াই পারে খুলে দিতে
নতুন ভোরের খিল।
////
6
মুসলিম
দাড়ি টুপি থাকলেই কি
মুসলিম তারে কয়?
খাঁটি ঈমান নেই যে-হৃদে
মুসলিম সে নয়।
লম্বা জামা চোখে সুরমা
থাকতে পারে কারো,
তাই বলে কি যাকে তাকে
মুসলিম বলতে পারো?
মুসলিম তো সেই যে-মানুষ
ভয়ে অবিরত,
দিবস যামী রবের কাছে
মাথা করে নত।
জীবন চলার প্রতি বাঁকে
জীবনবিধান মেনে
মৃত্যুভয়কে তুচ্ছ করে
জান্নাতি সুখ কেনে।
সারাটাক্ষণ প্রভুর কাছে
নিজকে রাখে জমা,
আপন মনে সঙ্গোপনে
চায় সে শুধু ক্ষমা।
ভালোবেসে দ্বীনের পথে
জীবনটা দেয় ঢেলে
আঁধার ধরায় যায় রেখে সে
আলোর মশাল জ্বেলে।
////
7
কালো গোলাপ
কালো হলেও তুমি আমার গোলাপ কালো,
তোমার হাসি চাঁদের মতোই
লাগে ভালো।
তোমায় রেখে যায় না থাকা
অভিমানে,
যতদূরেই রাখি তোমায়
হৃদয়টানে।
জাদুমাখা তোমার চোখের
দৃষ্টিফুলে,
মনগগণের দুঃখ পালায়
সবই ভুলে।
দুঃখ সুখে তুমি আমার
সন্ধ্যাবাতি,
শেষ বিকেলেও এমনি থেকো
আমার সাথি!
////
8
টাকার মেশিন
পরিবারের কাছে
টাকার মূল্য আছে
নেই তো শুধু আমার কোনো দাম
খেটে খেটে জীবন গেল
আপনজনা সবি পেল
দিনের শেষে আমি কী পেলাম!
ছেলের চাওয়া দামী গাড়ি
বউ'র প্রয়োজন গয়না শাড়ি
আমি কী চাই কেউ খোঁজে না
এ সংসারের কেউ বোঝে না।
সবাই জানায় টাকারে সেলাম
দিনের শেষে আমি কী পেলাম।।
মিছে মায়ার এ সংসারে
কেউ তো কারো নয়,
এ পৃথিবীর পান্থশালায়
সবি স্বার্থময়।।
পুরুষ যেন টাকার মেশিন
টাকাই যেন সুখ অমলিন।।
সুখ পেতে তাই প্রবাসে এলাম
ভালোবাসার মানুষ না পেলাম।।
////
9
স্বপ্ন আঁকি
কলম হলো সত্য ন্যায়ের তীর
কলম দিয়েই যায় রোখা খিঞ্জির
যে কথাটা মুখে বলা ভার
কলম সেথায় খোলা তলোয়ার।
কলম হলো তোমার আমার মিত্র
তাকে দিয়ে যায় আঁকা সব চিত্র।
কলম দিয়ে রাঙাই নতুন ভোর
কলম হলো ন্যায় প্রকাশে জোর।
কলম দিয়ে লিখছি কত ছড়া
সেই লেখাটি প্রতিবাদে গড়া।
কলম দিয়ে লিখছি মহাকাল
কলম হলো কালের মাঝির হাল।
কলম দিয়ে আঁকতে পারি ফুল
কলম বন্ধুর নেইতো কোনো তুল।
কলম দিয়ে স্বপ্ন আঁকি খাতায়
জীবন নামের সবুজ পাতায় পাতায়।
////
10
এই আমার উৎসব
টগর, গোলাপ, শিউলি-চাঁপা
নেই যে তাদের তুল,
হাজার ফুলের মাঝে প্রিয়
আমার কদমফুল।
কত্ত পাখি রঙবেরঙের
জুড়ায় দেখে আঁখি,
ভীষণ রকম ভালোলাগে
আমার দোয়েল পাখি।
কত রঙে এই দুনিয়া
হলো রূপবতী,
শুভ্র সুনীল রঙ দু'টি যে
আমার প্রিয় অতি।
হরেক স্বাদের খাবার দেখে
যায় হারিয়ে তাল,
সব খাবারের মাঝে খুঁজি
আমার প্রিয় ঝাল।
পাঠক হতে চাই কোরআনের,
হাদীসে রাসূল,
দাও মুছে দাও মহান প্রভু
আমার মনের ধুল!
প্রিয় মানুষ রাসূল আমার
সে যে স্বপ্নদ্রষ্টা,
সবার চেয়ে প্রিয় বন্ধু
আমার মহান স্রষ্টা।
এই দুনিয়া মিছে মায়া
যার কোনো দাম নাই,
মানুষ হওয়ার স্বপ্ন বুকে
মানুষ হতে চাই!
অসৎপথের উপার্জনে
চাই না কিছুই রব,
যা দিয়েছো অনেক বেশি
এই আমার উৎসব।
চাই রহমের সহস্র মাস
চাই ক্বদরের সব,
শুক্রবারের যে কোনো দিন
মরণ দিয়ো রব!