প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে বজ্রপাতে আখিঁ (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে নলোয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখিঁ ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যরা জানান, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান রক্ষার জন্য আখিঁ বাইরে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য সচেতন মহল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
© মাটি ও জনতার কথা