প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
নারায়ণগঞ্জের কোরবানির হাটে ডোনাল্ড ট্রাম্প

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর হাটে প্রতি বছরই দেখা যায় ভিন্নধর্মী আয়োজন ও চমক। তবে এবার সব আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
প্রায় ৭০০ কেজি ওজনের ব্যতিক্রমধর্মী এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছেই মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর পরিচিত হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই মজার ছলে খামার কর্তৃপক্ষ মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। আর নামটি ছড়িয়ে পড়তেই এটি হয়ে ওঠে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এই মহিষটিকে এক নজর দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’-এর সঙ্গে।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস ধরে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।
তিনি বলেন, “শুরুর দিকে মহিষটির কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে, এর চুল তো একদম ট্রাম্পের মতো। এরপর থেকেই নাম হয়ে যায় ‘ডোনাল্ড ট্রাম্প’।”
খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসলের পাশাপাশি আলাদা পরিচর্যাও করা হয়।
পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, “মহিষটা খুব শান্ত স্বভাবের। সময়মতো খাবার দিতে হয়, আর অন্যগুলোর তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়।”
খামারের আরেক কর্মচারী জুবায়ের জানান, খামারে আরও কয়েকটি মজার নামের পশু রয়েছে— যেমন তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবার নজর কেড়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ই।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “ফেসবুকে দেখে প্রথমে বিশ্বাস হয়নি। সামনে এসে দেখি সত্যিই চুলের স্টাইলটা ট্রাম্পের মতো লাগছে।”
ঈদ সামনে রেখে ব্যতিক্রমী এই এলবিনো মহিষ এখন শুধু একটি পশু নয়, বরং নারায়ণগঞ্জের মানুষের কৌতূহল ও বিনোদনের নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
© মাটি ও জনতার কথা