
চলতি সময়ের পরিচিত মডেল ও চিত্রনায়িকা ফারিন খান এক ভয়াবহ ও রোমহর্ষক অভিজ্ঞতার শিকার হয়েছেন. আজ শুক্রবার (২২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সাথে ভাগ করে নেন তিনি.
স্ট্যাটাসে ফারিন জানান, জামালপুর যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে এই ঘটনা ঘটে, যা তাকে মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে. আল্লাহর অশেষ রহমতে সেদিন বেঁচে ফিরেছেন উল্লেখ করে তিনি লেখেন, “সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমি জানি.”
ফেসবুক পোস্টে ফারিন খান ঘটনার বিবরণ দিয়ে লেখেন:
“গত ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই. ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎই মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে. তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত ঠিক আমার গলার কাছে!”
তিনি আরও যোগ করেন, “হয়তো আমি সময়মতো চিৎকার না করলে আমাকে মেরে সবকিছু লুটপাট করত, এমনকি ধর্ষণের চেষ্টাও করত.”
ফারিন জানান, ভেন্টিলেটরে হাত দেখামাত্রই তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন. তার চিৎকার শুনে গাড়ির ড্রাইভার দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়. পরে ড্রাইভারের কাছ থেকে জানা যায়, লোকটিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখা গিয়েছিল, তবে তার হাতে অনেকগুলো ডিমের খোসা থাকায় তখন কেউ তাকে সন্দেহ করেনি.
অভিনেত্রী লেখেন, “বাইরে থেকে হয়তো আমি সাহসী থাকার চেষ্টা করেছি, কিন্তু ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না. প্রথমে ভাবছিলাম বিষয়টা কাউকে বলব না. পরের দিন শুটিং ইউনিটের অনেকের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি. জীবনে এর চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা খুব কমই হয়েছে.”
দেশে নারীদের নিরাপত্তা ও বিচারহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন খান তার স্ট্যাটাসের শেষ অংশে লেখেন:
“আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়. যে দেশে আমাকে (একজন নারীকে) আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ- বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে. সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না.”
সাভারের মেয়ে ফারিন খানের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে. প্রথম সিনেমা মুক্তির পর বেশ আলোচনায় এলেও পরবর্তীতে তাকে বড়পর্দায় নিয়মিত দেখা যায়নি. তবে ছোটপর্দার নাটক এবং ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিভিন্ন জনপ্রিয় ওয়েব কনটেন্টে ফারিন খান বর্তমানে নিয়মিত কাজ করে যাচ্ছেন.
রাজধানীতে শিশু রামিসা হত্যা এবং চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই একজন সেলিব্রেটির মহাসড়কের পেট্রোল পাম্পে এমন নিরাপত্তাহীনতার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক. হাইওয়ে বা মহাসড়কগুলোর পেট্রোল পাম্প ও বাণিজ্যিক স্পটগুলোতে নারীদের জন্য শতভাগ নিরাপদ ও সিসিটিভি (CCTV) নিয়ন্ত্রিত ওয়াশরুম ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি.