ঢাকা | | বঙ্গাব্দ

অকটেনের দাম বেড়ে ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা; আগামীকাল থেকে নতুন দাম কার্যকর

অকটেনের দাম বেড়ে ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা; আগামীকাল থেকে নতুন দাম কার্যকর ছবি সংগ্রহীত
ad728

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা এবং পেট্রোলের দাম ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশের সব ফিলিং স্টেশনে কার্যকর হবে। 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই দেশের বাজারেও এই দাম বাড়ানো হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে। 

এর ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

জ্বালানি তেলের এই দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। 

এছাড়া আগে কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা। হঠাৎ করে জ্বালানি তেলের বড় অংকের এই মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অ

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অ