বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ম্যালেরিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা গুরুতর রূপ নিলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত দক্ষ ও কর্মঠ এই কর্মকর্তা ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে তার পেশাজীবন শুরু করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারের সূচনা করেছিলেন। কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে তিনি মেধা ও সততার স্বাক্ষর রেখেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে মাহবুবুর রহমান ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও তার সহকর্মীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনলাইন ডেস্ক