ঢাকা | | বঙ্গাব্দ

শফিকুল ইসলাম'র একগুচ্ছ ছড়া

শফিকুল ইসলাম'র একগুচ্ছ ছড়া শফিকুল ইসলাম
ad728
ছোট্ট খোকা


আজ তাহমিদ নয় পেরিয়ে
দশ মাসে পা দিলো,
ফোকলা হেসে বাড়ির সবার
মনটা কেড়ে নিলো।

ফুপু ডাকে সাহেব বেটা
চাচ্চু ডাকে সোনা,
দাদা-দাদি আদর করে
ডাকে ছোট্ট মোনা।

সবার কোলে চড়ে বেড়ায়
পায় না একটু ভয়,
সারাবাড়ির আদরটুকু
একলা কেড়ে লয়।


///


মেঘবতী 


বৃষ্টিমেয়ে, নাম কী তোমার?
কোথায় তোমার বাড়ি?
রোদের সাথে হয় কি তোমার
রোজই ভীষণ আড়ি?

নামটি আমার মেঘবতী,
মেঘের দেশে থাকি,
আকাশ জুড়ে আপন মনে
নানা ছবি আঁকি।

পাহাড় ছেড়ে মাঠ পেরিয়ে
আসি আমি ধেয়ে,
সবুজ পাতা নেচে ওঠে
আমার ছোঁয়া পেয়ে।

রোদের সাথে লুকোচুরি 
খেলতে ভালোবাসি, 
ক্লান্ত দেহ শান্ত করে 
ফোটাই মুখে হাসি।


///


বৃষ্টি এলো


পূবের আকাশ হঠাৎ করে
গেল মেঘে ছেয়ে,
ঝুমঝুমিয়ে রিমঝিমিয়ে
বৃষ্টি এলো ধেয়ে।

পাহাড়-নদী-বন, পেরিয়ে
বৃষ্টি এলো মাঠে,
বৃষ্টি এলো বিলে-ঝিলে
দূরের খেয়াঘাটে।

ভিজলো আকাশ, ভিজলো বাতাস
ভিজলো সবুজ গাঁ,
উঠলো নেচে সুরের তালে
কোলাব্যাঙের ছা।


///



লোক দেখানো নীতি


আমরা সবাই বুক ফুলিয়ে 
নীতিকথা বলি,
চলার পথে সঠিক ভাবে
ক'জন মেনে চলি?

স্বার্থে যখন টান পড়ে যায়
আড়াল থাকে নীতি,
তখন কেবল জয় হয়ে যায়
লোক-দেখানো প্রীতি।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন

আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন