মায়ের ভালোবাসা
গাছের ডালে প্রজাপতি
মেলতে দেখে ডানা
দুষ্টু ছেলে তামিম গিয়ে
করলো তাকে হানা।
উড়ে গেল প্রজাপতি
ভাঙ্গলো গাছের ডাল
তামিম ভাবে জানলে মা যে
উঠবে পিঠের ছাল।
ঝোপের ভিতর লুকিয়ে তামিম
করলো বেলা পার
সন্ধ্যা হলেও মনের জমাট
ভয় কাটে না তার।
এমন সময় মায়ে এসে
কপালে দেয় চুমি
বলে তাকে এমন কাজটি
করবে না আর তুমি।
////
মমতালয়
আমার বাড়ি হরেক পাখি
গাছে গাছে থাকে
সকাল সন্ধ্যা নানান সুরে
কিচিরমিচির ডাকে।
আমার বাড়ির গাছের ছায়া
শীতল করে প্রাণ
সোঁদা মাটির গন্ধে যেথায়
মন করে আনচান।
গাছের ডালে নেচে পাখি
কতই খেলা খেলে
বিষ্টি হলে ডানা মেলে
জলের ছোঁয়া পেলে।
আমার বাড়ি মমতালয়
ছোট্ট পাখির বাসা
বাড়িতো নয় অনেক স্বাদের
স্বপ্ন-ভালোবাসা।
////
দূরের গাঁয়
চল রে খুকি আমার সাথে
দূরের কোন গাঁয়
মেঘের সাথে হাত মিলাবো
পাহাড় ডানে-বায়।
ঝর্ণা গায়ে চুমুক দিয়ে
করবো শীলত প্রাণ
পাহাড় ছড়া কলকলিয়ে
শুনাবে এর গান।
নাম না জানা রঙিন ফুলে
প্রজাপতির দল
উড়ে উড়ে খেলা করে
দেখবি যদি চল।
চল না খুকি ঘুরে আসি
এমন দূরের গাঁয়
যেথায় গিয়ে শান্তি- সুখের
স্বপ্ন ছোঁয়া যায়।
////
মেঘবালিকার ইচ্ছে
মেঘবালিকার ইচ্ছে হলো
আকাশ পানে উড়বে
নীল আকাশে ডানা মেলে
মেঘের সাথে ঘুরবে।
মাথার উপর উড়ে উড়ে
দেখবে সাগর নদী
পাহাড় চূড়ায় নামবে সে যে
সুযোগ থাকে যদি।
ডেকে বলে মেঘবালিকা
সঙ্গে আমার যাবে?
একটু সময় দেও যদি ভাই
সকল সুযোগ পাবে।
সুবোধ বালক ভেবে বলে
মা যে আমার একা
মেঘের দেশে গেলে কি আর
পাবো মায়ের দেখা?
////
মায়ের ছবি
আয় রে খোকা, কোথায় গেলি
খোকাকে মায় ডাকে
দৌড়ে এসে খোকা তখন
জড়িয়ে ধরে মাকে।
কোথায় ছিলি পাগল ছেলে
আঁচর কেন নাকে?
খোকাকে মা বুকে নিয়ে
আদর করে তাকে।
খোকা তখন ফুপিয়ে কেঁদে
অভিমানের ছলে
সান্তনা দেয় নিজের মাকে
"হয়নি কিছু" বলে।
খোকার মায়ে দূর আকাশে
তারার দেশে থাকে
তাইতো খোকা কল্পনাতে
মায়ের ছবি আঁকে।
////
এমন বায়না আর না
গাছ বেয়ে সে উঠবে চাঁদে
ধরলো খোকন বায়না
মায়ের সাথে রাগ করে সে
তাইতো কিছু খায় না।
কিন্তু গাছে উঠলো যখন
চাঁদের ছোঁয়া পায় না
কে নামাবে নীচে তাকে
রাগ করেছে মায় না?
একে ডাকে ওকে ডাকে
একটু কাছে আয় না
বন্ধুরা সব করতে মজা
তার কাছে কেউ যায় না।
অবশেষে গাছে বসেই
করলো শুরু কান্না
মনে মনে খোকন ভাবে
এমন বায়না আর না।
////
শরত ফোটায় হাসি
শরত এলে ঝিলের ধারে
থোকায় থোকায় কাশের ফুল
রাতে ফোটা শিউলি যেন
মিষ্টি মেয়ের কানের দুল।
শরত এলে নীল আকাশে
ভাসে সাদা মেঘের দল
বিলের জলে পদ্ম ফোটে
মনে নামে খুশির ঢল।
শরত এলে বাংলা আমার
হাসে সতেজ হাসিটাই
ঋতুর রানী শরৎকালকে
অনেক ভালোবাসি তাই।
বিনোদন ডেস্ক