ফিফা রেংকিং এর ২০তম এবং ৮৫তম দলের খেলা শেষ হলো অমীমাংসিত ভাবে। চোখে চোখ রাঙানো এই ম্যাচে কেউ কাউকে ছাড় দেয়নি এক বিন্দুমাত্র। আক্রমণ প্রতি আক্রমণের এই ম্যাচটি ছিল দারুন উপভোগ্য। ‘জি’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ড ও ইরানের ম্যাচ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। নিউ জিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইলাইজাহ জাস্ট। ইরানের হয়ে দুটি গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।
এই ড্রয়ে গ্রুপের শীর্ষে নিউ জিল্যান্ড ও দুইয়ে রয়েছে ইরান। সোমবার রাতে বেলজিয়াম ও মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় গোল ব্যবধানে তারা রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে।
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচে বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল ফিফা র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ইরান। পুরো ম্যাচে তাদের নিয়ন্ত্রণে ছিল ৪৮ শতাংশ বল, বিপরীতে র্যাঙ্কিংয়ের ৮৫ নম্বরে থাকা নিউ জিল্যান্ডের দখলে ছিল ৫২ শতাংশ বল। গোলমুখে ১৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে ইরান। বিপরীতে নিউজিল্যান্ডের ১৪টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে ছিল
শুরুর মাত্র ৭ মিনিটেই চমৎকার এক দলীয় আক্রমণ থেকে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। নিজেদের সীমানা থেকে গোলকিপারের বাড়ানো লম্বা বল বক্সে নিয়ন্ত্রণে নেন ক্রিস উড। তাঁর কাছ থেকে বল পেয়ে ইলাইজাহ জাস্ট পাস বাড়ান সরপ্রীত সিংয়ের উদ্দেশ্যে। ভারতীয় বংশোদ্ভূত এই মিডফিল্ডার প্রতিপক্ষ ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বল চিপ করেন উডের দিকে। উড প্রথম ছোঁয়ায় বক্সে থাকা জাস্টকে নিখুঁত পাস দিলে জোরালো শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। নিউ জিল্যান্ডের জার্সিতে পাঁচ ম্যাচে এটি ছয় নম্বর গোল তার।
ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইরান। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে মাঝমাঠ ধরে এগিয়ে যান মেহদি তারেমি। তবে তাঁর নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় ইরানকে।
৩২ মিনিটে সমতায় ফেরে ইরান। বক্সের ভেতর গোলপোস্টে শট নেন শাহরিয়ার মোগহানলু। জটলার মধ্যে তাঁর পড়ে যাওয়ার পর বল পান রামিন রেজাইয়ান। সেখান থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
৪৪ মিনিটে ফাউল থেকে ফ্রি-কিক পায় নিউজিল্যান্ড। উডের নেওয়া সেই শটটি ঠেকিয়ে দেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে শট নেন রামিন রেজাইয়ান। তাঁর ক্রস থেকে দারুণ এক হেডারে বল জালে জড়ান আমির হোসেইন। তবে তিনি অফসাইডে থাকায় গোল বঞ্চিত হতে হয় ইরানকে।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। মাঝমাঠ থেকে শুরু হওয়া দারুণ এক দলীয় আক্রমণ থেকে জাস্টের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ক্রিস উড। বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন জাস্ট।
৬৪ মিনিটে আবারও সমতায় ফেরে ইরান। রামিন রেজাইয়ানের ক্রস থেকে দুর্দান্ত হেডারে বল জালে জড়ান মোহাম্মদ মোহেবি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নিউ জিল্যান্ড। তবে উডের নেওয়া হেডার সরাসরি ইরান গোলকিপারের হাতে যায়। শেষ বাশি বাজার আগমূহুর্তে কর্নার থেকে উড়ে আসা বল রায়ান থমাস বিপদমুক্ত করলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে।
ক্রীড়া প্রতিবেদক