দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থেকে রাজনীতিতে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া থালাপতি বিজয় এবার রাজ্যবাসীর জন্য ঘোষণা করলেন সম্পূর্ণ ব্যতিক্রমী ও নজিরবিহীন এক জনকল্যাণমূলক প্রকল্প। এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে উপহার হিসেবে দেওয়া হবে ১ গ্রামের একটি খাঁটি সোনার আংটি।
তামিলনাড়ু সরকার এই প্রকল্পের নাম দিয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি পরিবার ও শিশুকে সম্পূর্ণ বিনা মূল্যে এই সোনার আংটি দেওয়া হবে।
বার্ষিক বরাদ্দ ৭৫৫ কোটি রুপি
জানা গেছে, সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় এই প্রকল্প রাজ্যজুড়ে বাস্তবায়নে বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ দিয়েছে তামিলনাড়ু সরকার। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বিজয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া সম্পন্ন করে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কঠোর নির্দেশ দিয়েছেন।
তামিল সংস্কৃতি ও ‘মামা’র ভূমিকায় রাজ্য সরকার
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ব্যতিক্রমী উদ্যোগের মূল অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে। তামিল প্রথা অনুযায়ী, পরিবারে নতুন শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে বিশেষ উপহার দিয়ে আশীর্বাদ করেন।
সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে এবার প্রতীকী অর্থে তামিলনাড়ু রাজ্য সরকার নিজেই প্রতিটি নবজাতকের ‘মামা’র ভূমিকা পালন করবে। সরকারের ভাষ্য, এই সোনার আংটি শুধু একটি বস্তুগত উপহার নয়, বরং নবজাতক ও তাদের দরিদ্র-মধ্যবিত্ত পরিবারের প্রতি সরকারের ভালোবাসা, স্নেহ এবং আজীবন সমর্থনের প্রতীক।
মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকে কার্যকর, আনুষ্ঠানিক উদ্বোধন ১৫ সেপ্টেম্বর
ঘোষণা অনুযায়ী, চলতি ২০২৬ সালের ২২ জুন—অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকেই সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই প্রকল্পের সুবিধা পাবে। ওই দিন বা তারপর থেকে জন্ম নেওয়া প্রতিটি শিশুই ১ গ্রামের সোনার আংটি পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
যদিও প্রকল্পের কার্যকারিতা ২২ জুন থেকেই শুরু হয়ে গেছে, তবে এর জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬। তামিলনাড়ুর প্রখ্যাত ও প্রয়াত জননেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে নবজাতকদের উপহার দেওয়ার নজির থাকলেও, কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর আওতায় এনে সরাসরি রাজ্য সরকারের বাজেটভুক্ত কল্যাণমূলক প্রকল্প হিসেবে বাস্তবায়নের ঘটনা ভারতের ইতিহাসে এটিই প্রথম।
উল্লেখ্য, এই ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল মুখ্যমন্ত্রী বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাঝাগাম (টিভিকে)-এর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। দলের নির্বাচনী ইশতেহার এবং ‘ভেট্টি তামিঝাগাম ভিশন ডকুমেন্ট’-এ এই প্রকল্পের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছিল। ক্ষমতায় আসার পর প্রথম সুযোগেই সেই আকাশচুম্বী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিজয়ের এই পদক্ষেপ তামিলনাড়ুসহ পুরো ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রূপালি পর্দার ‘থালাপতি’ বিজয় যে বাস্তবের বুকেও একজন জনদরদী নেতা হয়ে উঠতে চান, এই একটি প্রকল্পই তার বড় প্রমাণ। ভারতের রাজনীতিতে ভোটের আগে ফ্রি ল্যাপটপ, সাইকেল বা চাল দেওয়ার রেওয়াজ থাকলেও, সংস্কৃতির আবেগকে ছুঁয়ে নবজাতকদের জন্য সোনার আংটি দেওয়ার এই মাস্টারস্ট্রোক বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও মজবুত করবে। 'এই প্রকল্প সরকারি হাসপাতালে দরিদ্র মায়েদের সন্তান প্রসবের আগ্রহ যেমন বাড়াবে, তেমনই নবজাতকদের পুষ্টি ও সুরক্ষায় পরোক্ষভাবে পরিবারগুলোকে অর্থনৈতিক শক্তি জোগাবে। সিনেমা হলের পর এবার রাজনীতির মাঠেও বিজয়ের এই রাজকীয় এন্ট্রি সত্যিই প্রশংসনীয়।
আন্তর্জাতিক ডেস্ক