জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন। আজ রোববার (১৭ মে) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
জীবন-জীবিকার বাহন: ডা. শফিকুর রহমান বলেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।”
জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত: করের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি আরও বলেন, “করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে। তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।”
সিদ্ধান্ত প্রত্যাহারের আশা: জামায়াত আমির সরকারের প্রতি জোর আহ্বান জানিয়ে লেখেন, “আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”
মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের যাতায়াত এবং রাইড শেয়ারিংয়ের মতো আত্মকর্মসংস্থানের প্রধান মাধ্যম এই মোটরসাইকেল। ফলে এই খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক প্রতিবেদক