ঢাকা | | বঙ্গাব্দ

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ২০

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ২০ ভারতে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ |সংগৃহীত
ad728

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগরে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) বিরুধুনগরের কাট্টানারপট্টি এলাকায় অবস্থিত একটি বাজি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের ধারণা, বাজি তৈরির জন্য রাসায়নিক মেশানোর সময় অতিরিক্ত ঘর্ষণের ফলে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি ঘর মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দ কারখানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল।

খবর পেয়ে শিবাকাসি, সাত্তুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা বিধি মেনে কাজ করছিল কি-না, তা খতিয়ে দেখতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “তামিলনাড়ুর বিরুধুনগরের দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।” তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


‘পুলিশকে আর যেন ফ্যাসিবাদ ব্যবহার করতে না পারে’

‘পুলিশকে আর যেন ফ্যাসিবাদ ব্যবহার করতে না পারে’