৭ জুন আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনকে সম্পূর্ণ নির্বিঘ্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও তার পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে সংসদ এলাকার বেশ কিছু রাজপথ ও গলিপথে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, সমাবেশ, মিছিল-শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি’র গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখা জরুরি। এই উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) রাত ১২টা হতে সংসদ ভবন ও নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
একই সাথে যেকোনো প্রকার জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা ও আদেশ জারি থাকবে।
ডিএমপি’র নির্দেশনা অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে সংসদের সংরক্ষিত এলাকা ছাড়াও নিম্নলিখিত প্রধান প্রধান সড়ক ও তার সংযোগস্থলগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে:
১. ময়মনসিংহ রোড: মহাখালী ক্রসিং থেকে শুরু করে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। ২. বাংলামোটর লিংক রোড: এই রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। ৩. পান্থপথ ও ফার্মগেট: পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। ৪. মিরপুর রোড: শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত। ৫. বিজয় সরণি ও রোকেয়া সরণি: বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত। ৬. মানিক মিয়া অ্যাভিনিউ: ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত। ৭. সংসদ সংরক্ষিত এলাকা: জাতীয় সংসদ ভবনের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
নতুন সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনকে ঘিরে দেশবাসীর কৌতূহল ও প্রত্যাশা অনেক বেশি। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সংসদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। ডিএমপি’র এই সময়োপযোগী নিষেধাজ্ঞার ফলে সংসদ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। তবে সাধারণ মানুষের চলাচল যাতে অতিরিক্ত কড়াকড়ির কারণে ভোগান্তিতে না পড়ে, সেদিকেও ট্রাফিক বিভাগকে নজর রাখতে হবে।
স্টাফ রিপোর্টার