বাংলাদেশের
জ্বালানি সংকট মোকাবিলায় এক ইতিবাচক সংবাদের বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার
পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ ছাড়
দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ১১ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র
মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই ছাড়ের মেয়াদ আগামী ৯ই জুন পর্যন্ত বহাল
থাকবে বলে নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা।
মূলত
বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহে যে চাপের মুখে রয়েছে,
এই সিদ্ধান্তের ফলে সেখানে সাময়িক স্বস্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে গত ১২ই
মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, তবে
সেটি বাংলাদেশের জন্য কোনো কাজে আসেনি। কারণ সেই ছাড়টি ছিল কেবল সেইসব দেশের জন্য যাদের
তেলবাহী জাহাজ ওই ঘোষণার আগে থেকেই সমুদ্রে ভাসমান ছিল।
সে
সময় বাংলাদেশের পথে রাশিয়ার কোনো জাহাজ না থাকায় সেই সুযোগটি হাতছাড়া হয়েছিল। তবে এবারের
৬০ দিনের দীর্ঘমেয়াদী ছাড়ের ফলে বাংলাদেশ পরিকল্পিতভাবে রাশিয়ার কাছ কাছ থেকে তেল আমদানির
পর্যাপ্ত সময় ও সুযোগ পাবে।
বিশেষজ্ঞরা
মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার চাকা
সচল রাখতে এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
নিজেস্ব প্রতিবেদক